সংখ্যালঘুদের মানববন্ধন: দ্রুত আইনশৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান
সংখ্যালঘুদের মানববন্ধন: দ্রুত আইনশৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান
Hinduism : নিউজ:
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সংগঠনগুলো।
মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, মন্দিরে আক্রমণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নতুন সরকারের ‘মধুচন্দ্রিমা’ শেষ করে এখন বাস্তব কাজের সময়। সবাইকে সমান অধিকার দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
,সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ, ছবি: সংগৃহীত
জানা যায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠনগুলো যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
নির্বাচনের পর ভোলার তজুমদ্দিনে ধর্মীয় উৎসবে যাওয়া এক নারীকে তুলে নিয়ে গণধর্ষণ, চট্টগ্রামের আকাশ দাস, বগুড়ার সুনীল বাঁশফোড়, কক্সবাজারের ব্যবসায়ী গণেশ পাল, বগুড়ার শিক্ষক চয়ন রাজভর, যশোরের অরুণ অধিকারী, ময়মনসিংহের চাল ব্যবসায়ী সুশেন চন্দ্র, গাইবান্ধার অমিতাভ চন্দ্রকে হত্যাসহ দেশের বিভিন্ন জায়গা মন্দির-ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লোকজনকে অত্যাচার-নিপীড়নের প্রতিবাদ ও এসব ঘটনায় বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেতারা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, বসে থাকার সময় নেই, যুদ্ধে নামতে হবে। আমরা প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন সব জায়গায় দেখতে চাই।’
মানববন্ধনে গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সরকারের বয়স মাত্র এক মাস। কেউ এটিকে ‘মধুচন্দ্রিমা’ বলছেন। সনাতনী সমাজে নতুন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী এমন সময়কে ‘কালবেলা’ও বলা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, সরকার কি এখনো মধুচন্দ্রিমায় আছে, নাকি বাস্তব কাজের সময় চলছে?
সুব্রত বলেন, প্রধানমন্ত্রী দ্রুত কাজ করার কথা বলেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন- এমন উদ্যোগ সব ক্ষেত্রেই দেখতে চান।
সুব্রত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার থাকবে। বিগত সরকারের আমলে নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করে দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি অনুদান বিতরণে অনিয়ম না হওয়ার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করে গণফোরামের সভাপতি বলেন, গত ৫৪ বছরে অনেক ভালো উদ্যোগ তদারকির অভাবে নষ্ট হয়েছে।
এসময় সংসদে জাতীয় সংগীতের সময় কিছু মৌলবাদী গোষ্ঠী দাঁড়ায়নি, যা রাষ্ট্রদ্রোহের শামিল বলেও অভিযোগ করেন সুব্রত চৌধুরী। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে সুব্রত বলেন, সরকার জিরো টলারেন্সের কথা বললেও দেশে এখনো মবক্রেসি চলছে। ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যাকাণ্ড ও মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটছে।
এসব বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ বলেন, নির্বাচন হওয়ার এক মাসের মধ্যেই সারা দেশে অর্ধশত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে হত্যা, প্রতিমা ও মন্দিরে হামলা, জমি দখল, আদিবাসীদের সম্পত্তি লুটপাট ও উচ্ছেদের মতো ঘটনা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে ধর্মীয় সংখ্যালঘুরা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিল জানিয়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু সেই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার মানবিক ও সম–অধিকারভিত্তিক বাংলাদেশ গড়তে কার্যকর পদক্ষেপ নেয়নি।
ভোলায় কীর্তন থেকে এক তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এক মাসে আটটি হত্যাকাণ্ড ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, নির্বাচনের এক মাস না যেতেই সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে রাজপথে নামা অত্যন্ত দুঃখজনক। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে অতীতের গ্লানি দূর করে নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
গত এক মাসে অর্ধশতাধিক হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে জানিয়ে বাসুদেব ধর বলেন, এসব বিষয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে।
একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। এতে সংহতি বক্তব্য দেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব সুব্রত হাজরা, জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এম কে রায় প্রমুখ।

No comments