Header Ads

সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদ নেতার লাশ মিলল বাগানে,,,

সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদ নেতার লাশ মিলল বাগানে,,,

“বাবা মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে গিয়ে আর ফেরেননি। রাতে এ নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় ছিল।”

সাতক্ষীরায় আশাশুনি উপজেলায় পূজা উদযাপন পরিষদের সাবেক এক সাধারন সম্পাদকের লাশ রাস্তার পাশের একটি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কুন্দড়িয়া চুমুরিয়া এলাকা থেকে বুধবার সকালে লাশটি উদ্ধারের খবর জানান আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন।

মৃত বিজন কুমার দে একই উপজেলার পাইথালী গ্রামের ভঞ্জন দে’র ছেলে এবং মাছের পোনা ব্যবসায়ী ছিলেন।

তিনি আশাশুনির বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। সবশেষ পাইথালী সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতির দায়িত্বে ছিলেন।

বিজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাল গেঞ্জি ও নীল প্যান্ট পরা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সেটি বিজন কুমারের লাশ বলে সনাক্ত করেন।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, “দুই সন্তানের বাবা বিজন এলাকায় অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন। তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকার ঘটনাটি সত্যিই বেদনাদায়ক।”

মৃত বিজন কুমারের বড় ছেলে প্রণব দে বলেন, “বাবা মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে গিয়ে আর ফেরেননি। রাতে এ নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় ছিল। সকালে তার লাশ উদ্ধারের খবর পাই।”

তিনি বলেন, “বাবা সুস্থ সবল একজন মানুষ ছিলেন। তার মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানাই।”




No comments

Theme images by sndrk. Powered by Blogger.