আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী।
আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী।
আজ ১৭ মার্চ, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এবার এ দিনটি উদযাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। এর আগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিববর্ষ। যা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। ছয় ভাই-বোনের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে প্রায় স্ব-পরিবারে নিহত হন। পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ 'টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি' শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বেলা আড়াইটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে 'হৃদয়ে পিতৃভূমি'। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি সারাদেশের সকল কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিনটি উপলক্ষে একটি শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামীকাল ১৮ মার্চেও টুঙ্গিপাড়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের উদ্যোগে। এতে অংশ নেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
No comments